সরোজগঞ্জ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ দল। এ সময় ৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ মাইল ও সরোজগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ হায়দার। এতে পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক নাইম হোসেন এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ মাইল এলাকার যুগিরহুদায় আই এম এস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে অভিযান চালানো হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ও ৬(খ) ধারার বিধান অমান্য করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, ব্যবহার ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সরোজগঞ্জ বাজারে মেসার্স আশাদুল স্টোরে অভিযান চালানো হয়। সেখানে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে অভিযানে ৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া সরোজগঞ্জ বাজারের দুর্জয় গিফট কর্নারে বেশী দামে গ্যাস বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট না থাকায় সিন্দুরিয়া গ্রামের জিহাদ নামে এক ব্যক্তিকে ৫শ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক নাইম হোসেন অভিযানের প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিন মাটির উর্বরতা নষ্ট করার পাশাপাশি নালা-নর্দমা ও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে। এ কারণে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


