আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গা-মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক:

প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, প্রস্তুতি শুরু করতে হবে পরিবার ও ব্যক্তিপর্যায় থেকেই। বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করা, গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি বহির্গমনের ব্যবস্থা রাখা এবং দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি থাকা জরুরি। একই সঙ্গে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে এসব বিষয়ে গুরুত্বারোপ করেছেন বক্তারা।
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জনসচেতনতামূলক মহড়া ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক-উজ-জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, জেলা বিএনপির নেতারা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‌্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। পরে জেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আশিস মমতাজ। তার সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক-উজ-জামান।
আলোচনা সভায় বি.এম. তারিক-উজ-জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেক ক্ষেত্রে মানুষের কর্মকাণ্ডের কারণে বেড়ে যায়। নির্বিচারে গাছ কাটা, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। পৃথিবীকে সবুজ, সুন্দর ও সুরক্ষিত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দুর্যোগ সহনশীল দেশ গড়ার উদ্যোগ শুরু করতে হবে নিজের ঘর থেকেই। যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদ আশ্রয়ে যেতে হবে, সে বিষয়ে আগে থেকেই প্রস্তুতি থাকা প্রয়োজন। দুর্যোগের আগে সতর্কতা ও প্রস্তুতি থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। ফায়ার সার্ভিসের জরুরি সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন এই কর্মকর্তা। তিনি বলেন, অনেক মানুষ ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর জানেন না। তাই হাটবাজার, বিভিন্ন জনসমাগমস্থলসহ গুরুত্বপূর্ণ জায়গায় জরুরি সেবার নম্বর প্রদর্শনের ব্যবস্থা করা প্রয়োজন। ফায়ার সার্ভিসের মহড়া আরও বিস্তৃত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, মহড়ার ভিডিও ধারণ করে তথ্য ও প্রচারবাহী গাড়ির মাধ্যমে বিভিন্ন জনসমাগমস্থলে প্রচার করা যেতে পারে। এতে সাধারণ মানুষ দুর্যোগের সময় করণীয় সম্পর্কে জানতে পারবেন এবং নিজেদের প্রস্তুত করতে পারবেন। চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের মানুষ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনামূলকভাবে কম পরিচিত উল্লেখ করে বি.এম. তারিক-উজ-জামান বলেন, তবু যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবার প্রাথমিক ধারণা থাকা জরুরি। বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করা, গ্যাস সিলিন্ডারের রেগুলেটর ঠিক আছে কি না নিশ্চিত হওয়া এবং বাসাবাড়ি ও বড় প্রতিষ্ঠানে জরুরি বহির্গমনের ব্যবস্থা রাখা দরকার। তিনি আরও বলেন, দুর্যোগ চলাকালে নিরাপদ থাকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দুর্যোগ-পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতেও আগাম প্রস্তুতির বিকল্প নেই। এ জন্য ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এবং চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ওহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। তারা নিরাপদ পানির ব্যবহার, আর্সেনিক বিষয়ে সচেতনতা এবং স্বাস্থ্য বিভাগের সহায়তায় পানির বিশুদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান, স্কাউট সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় র‌্যালি, আগুন নেভানোর মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে র‌্যালি বের করা হয়। পরে আগুন লাগলে কীভাবে তা নেভাতে হবে এবং দ্রুত নিরাপদে মানুষকে সরিয়ে নিতে হবে, তা মহড়ার মাধ্যমে দেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, নির্বাহী প্রকৌশলী মেজবাহুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগুন ও অন্যান্য দুর্যোগে একটু অসতর্কতার কারণে বড় ক্ষতি হতে পারে। তাই বাড়িঘরে আগুন লাগার ঝুঁকি কমাতে সবাইকে সতর্ক থাকতে হবে। আগুন লাগলে কী করতে হবে, কোথায় নিরাপদে যেতে হবে এবং কীভাবে অন্যকে সাহায্য করতে হবে, তা আগে থেকেই জেনে রাখা দরকার। বক্তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারের ওপর নির্ভর করলে হবে না। নিজের পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। আগে থেকে প্রস্তুতি থাকলে অনেক প্রাণ বাঁচানো এবং ঘরবাড়ি ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’Ñপ্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম ও মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন শর্মা, সাংবাদিক মেহেরাব হোসেন এবং রেড ক্রিসেন্টের প্রতিনিধি সাব্বির হোসেনসহ অন্যরা। বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ ছাড়া দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ