হাটবোয়ালিয়া প্রতিনিধি:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় পাখিভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রবিউল ইসলাম (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের ধাড়ীমাঠ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিহত রবিউল ইসলাম ভাংবাড়ীয়া গ্রামের সানোয়ার হোসেনের ছোট ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বন্ধুর পাখিভ্যান নিয়ে ভাংবাড়ীয়া গ্রামের ধাড়ীমাঠ এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিল রবিউল। এ সময় হঠাৎ ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। একপর্যায়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় রবিউল। পরে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। তবে সেখানে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। রবিউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অল্প বয়সে এক সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে জানাজা শেষে ভাংবাড়ীয়া গ্রামের স্থানীয় কবরস্থানে রবিউলকে দাফন করা হয়।


