দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির উন্নত প্রযুক্তি ও আধুনিক কলাকৌশল ব্যবহার করে আখ চাষ করা কৃষকদের মধ্যে নগদ অর্থ প্রণোদনা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্স ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বাটন চেপে সারা দেশের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে মোট ১২ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা প্রণোদনা বিতরণ করা হয়। এর মধ্যে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির আওতায় উন্নত প্রযুক্তি ও কলাকৌশলে আখ চাষ করা ৩ হাজার ১৮৫ জন কৃষককে দেয়া হয়েছে ৯৫ লাখ ১৬ হাজার টাকা। এই তালিকায় রয়েছেন ১০ জন নারী আখচাষি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান, কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক মির্জা গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক রাজিবুল ইসলাম, মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহাবুবুর রহমান এবং মহাব্যবস্থাপক (কৃষি বাণিজ্যিক খামার) বিল্লাল হোসেন। এছাড়া আখচাষি কল্যাণী ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আখচাষি অহিদুজ্জামান অহিদ, জালাল উদ্দিন লিটন, আওয়াল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আখ চাষে উন্নত প্রযুক্তি ও আধুনিক কলাকৌশল ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা এবং তাদের আর্থিক সহায়তা দেয়ার অংশ হিসেবে এ প্রণোদনা বিতরণ করা হয়েছে।


