ভাংবাড়ীয়া প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার আসমানখালী পুলিশ ক্যাম্পের বাৎসরিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম, পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার আসমানখালী পুলিশ ক্যাম্পে পৌঁছালে ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যরা তাকে স্বাগত জানান।
বাৎসরিক পরিদর্শনের সময় পুলিশ সুপার ক্যাম্পের দৈনন্দিন কার্যক্রম, নথিপত্র, নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ক্যাম্পে কর্মরত কর্মকর্তাদের কাছ থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ক্যাম্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তাদের খাবার, আবাসন, লজিস্টিকস, ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে জানতে চান। দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের কোনো সমস্যা বা সীমাবদ্ধতা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।
পরিদর্শনকালে মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে আরও সতর্কতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের আস্থা অর্জন করতে হবে। তিনি ক্যাম্প এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পাশাপাশি আইনানুগ সেবা প্রত্যাশী মানুষের কাছে দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে মাঠপর্যায়ের সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনাও দেন পুলিশ সুপার। পরিদর্শনের একপর্যায়ে তিনি ক্যাম্পের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। অপরাধের ধরন ও স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইলসহ আলমডাঙ্গা থানা ও আসমানখালী পুলিশ ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের বাৎসরিক পরিদর্শনকে ঘিরে আসমানখালী পুলিশ ক্যাম্পে কর্মচাঞ্চল্য দেখা যায়। সংশ্লিষ্টরা বলছেন, মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে দায়িত্ব পালনে জবাবদিহি বাড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।


