আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩টি গ্যাস লাইট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। রবিবার রাত ১১টার দিকে উপজেলার বারাদী ইউনিয়নের গোপালনগর মাটপরি এলাকার একটি পানের বরজের ভেতর অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল আহম্মেদ (২৪) এবং গোপালনগর গ্রামের নুর হোসেনের ছেলে তানভীর আহম্মেদ (২১)।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এসআই মনিরুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপালনগর মাটপরি এলাকার একটি পানের বরজে অভিযান চালায়। এ সময় রাসেল আহম্মেদ ও তানভীর আহম্মেদকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩টি গ্যাস লাইট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার রাসেল আহম্মেদ ও তানভীর আহম্মেদকে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদকমুক্ত আলমডাঙ্গা গড়তে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


