কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। চাল বিক্রিতে পাটের বস্তা ব্যবহার না করা, গ্যাস ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ না থাকা এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, চাল বিক্রির ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী কার্পাসডাঙ্গা বাজারের ওয়াসিম ট্রেডার্স ও দীন মোহাম্মদ মার্টকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গ্যাস ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, সড়কে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুজন ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, জনস্বার্থ রক্ষা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং বাজারব্যবস্থা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


