নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা ক্লিনিক মালিক সমিতির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা শহরের ইম্প্যাক্ট হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির নেতাদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সদস্য ও অতিথিরা। চুয়াডাঙ্গা জেলা ক্লিনিক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি ডা. রফি উদ্দীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।
কমিটির সহসভাপতি পদে রয়েছেন ডা. তরিকুল আলম, ডা. নুরুন্নাহার, আনিচুর রহমান, আজগর আলী, আনোয়ার হোসেন, আবুল কাশেম ও মো. টিপু। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে জান্নাতুল ফেরদৌস, জালাল উদ্দীন, মো. শাওন, মামুন রেজা ও জাহিদুল ইসলামকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোমিন খান, প্রচার সম্পাদক ইয়াকুব আলী, অর্থবিষয়ক সম্পাদক শাহজাহান আলী এবং দপ্তর সম্পাদক হুমায়ুন কবির লাল্টু। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন হাসিবুল হক, মো. ইসমাইল, সেলিম রেজা, ডা. ওয়াহিদ মাহমুদ দিনার, মানুন অর-রশীদ ও আবুল খালেক। এছাড়া বিভিন্ন পদে আরও সদস্য নিয়ে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু বলেন, চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাধারণ মানুষ যাতে নিজ জেলায় সহজে, নিরাপদে ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে ক্লিনিক মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, নবগঠিত কমিটি শুধু ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নয়, রোগীদের স্বার্থ, চিকিৎসাসেবার মান এবং স্বাস্থ্যখাতে শৃঙ্খলা বজায় রাখতেও কার্যকর ভূমিকা রাখবেÑএটাই প্রত্যাশা। রোগীদের সঙ্গে ভালো আচরণ, সেবায় স্বচ্ছতা, চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শফিকুল ইসলাম পিটু আরও বলেন, জেলার ক্লিনিক মালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও আধুনিক করার ক্ষেত্রে নতুন কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে। মানুষের কল্যাণে যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবাকে আরও উন্নত ও মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে হবে। কমিটি ঘোষণার পর নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও অতিথিরা। নতুন কমিটিকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


