নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল।
শরীফুজ্জামান শরীফ বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে জাতীয়তাবাদী দল রাষ্ট্রক্ষমতায় এসেছে। এখন সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমও আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করছেন। আগামী পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে জেলা বিএনপিসহ দলের সহযোগী ও অঙ্গসংগঠনের সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর রাষ্ট্রক্ষমতায় আসার পর দলের সাংগঠনিক কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ছে। এ অবস্থায় সংগঠনকে আবারও চাঙা ও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় করার উদ্যোগ নেয়া হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম গাছ নিধনে স্বেচ্ছাশ্রমে কাজ করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পরিবেশের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম গাছ নিধনের কার্যক্রম শুরু করা হবে। আমরা সবাই সম্মিলিতভাবে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের চেষ্টা করব। তিনি বলেন, এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন জনকল্যাণমূলক কাজে দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়বে, অন্যদিকে তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমও আরও গতিশীল হবে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এ উদ্যোগে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনের রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, যেকোনো রাজনৈতিক সংগঠনের শক্তির মূল ভিত্তি হলো সাংগঠনিক ঐক্য। তাই পারস্পরিক বিভেদ ও মতপার্থক্য ভুলে সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় করে স্বেচ্ছাসেবক দলকে একটি শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করার ওপরও গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হামিদুর হক টুটুল, এহসানুল হক সরাজ ও ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার বিপ্লব ও আরিফুর রহমান রিবন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল সালেহীন হিরক এবং সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমেদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান ও সদস্য সচিব শরিফুল আলম রাজা, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান ও সদস্য সচিব আতিকুর রহমান বিদ্যুৎ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক ও সদস্য সচিব খালেদ সালেহীন রাজু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক ও সদস্য সচিব জাকির হোসেন উপস্থিত ছিলেন।
র্যালিতে দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী মজনু ও সদস্য সচিব আবু হেনা, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার ও সদস্য সচিব রাশিদুল ইসলাম রাসেদ, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব ও সদস্যসচিব একলাছুর রহমান রাসেল এবং জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্যসচিব সুমন বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মোল্লা মিন্টুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, মোস্তাফিজুর রহমান সজিব, এস এম ফিরোজ রহমান, রাকিবুল ইসলাম সজল ও ইকবাল হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি দলের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য দেন তারা। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা দলীয় আদর্শে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


