নিজস্ব প্রতিবেদক:
মানবিক সেবা ও দুর্যোগকালীন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের বিদ্যমান ভবনের সঙ্গে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কোদাল দিয়ে মাটি কেটে নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি মানবিক সেবা ও দুর্যোগকালীন সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সহায়তায় সংগঠনটির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভবন নির্মিত হলে রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে রেডক্রিসেন্টের কার্যক্রম আরও বিস্তৃত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানবিক সেবার পরিধি বাড়াতে সংগঠনের সদস্যদের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট সূত্রে জানা গেছে, নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট নিজ উদ্যোগে নির্মাণকাজ বাস্তবায়ন করবে। বিদ্যমান ভবনের সঙ্গে সংযুক্ত করে নতুন স্থাপনাটি নির্মাণ করা হবে। নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, অ্যাডভোকেট শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দার সোনা, মফিজুর রহমান মনা, রউফুন নাহার রিনা, মাসুদুর রহমান বাবু ও আনিসুর রহমান আনিসসহ ইউনিটের অন্যান্য সদস্য। নতুন ভবন নির্মাণের উদ্যোগকে রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের একটি পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভবনটির নির্মাণকাজ শেষ হলে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় বাড়তি সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


