নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার গাইদঘাটে ৬ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও পিস্তলসাদৃশ একটি গ্যাসলাইটসহ হানেফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়ায় তাকে আটক করা হয়। হানেফ মিয়া একই গ্রামের রেলপাড়ার আইয়ুব ফকিরের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হানেফ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার গতিবিধির ওপর কিছুদিন ধরে নজর রাখছিলেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে তাকে হাতেনাতে আটক করা হয় বলে তাদের দাবি। স্থানীয়দের ভাষ্য, আটকের সময় হানেফ মিয়ার কাছ থেকে ৬ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং পিস্তলসাদৃশ একটি গ্যাসলাইট পাওয়া যায়। তারা আরও দাবি করেন, আটকের সময় ওই গ্যাসলাইট পিস্তল ভেবে দেখিয়ে হানেফ মিয়া গুলি করার হুমকি দেন। পরে খবর দেয়া হলে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা (তদন্ত) হিমেল রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী যাচাইসহ আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


