দামুড়হুদা অফিস:
‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’Ñএ প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ২টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ দেহে সুন্দর মন গঠনের পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। লাভলী ইয়াসমিন বলেন, আজকের এই মাঠ থেকেই আগামীর জাতীয় ক্রীড়াবিদ তৈরি হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী এবং দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামছুজোহা পলাশ। এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় সাঁতার, কাবাডি, দাবা ও হ্যান্ডবলÑএই চারটি ইভেন্টে শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি শৃঙ্খলা, দলগত চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাবেরও পরিচয় দেয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হলে অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।


