দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলা সদরের মাথাভাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহত দুজনই দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। গতকাল রবিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হোসেন উপজেলার চিৎলা নতুনপাড়া গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। আহতরা হলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক জনি হোসেন (৪০) ও ফার্মাসিস্ট ফিরোজ হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শাহিন হোসেন মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে দামুড়হুদা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে জনি হোসেন ও ফিরোজ হোসেন একই মোটরসাইকেলে করে তাদের কর্মস্থল দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাথাভাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহত শাহিন হোসেনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিল শাহরিয়ার ও ডা. তারুণ তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত জনি হোসেন ও ফিরোজ হোসেনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা জানান, আহত দুই স্বাস্থ্যকর্মীর প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেসবাহ উদ্দিন বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


