আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বেলগাছী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ রানাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে বেলগাছী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ রানা উপজেলার বেলগাছী ইউনিয়নের রথখোলা পাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলগাছী ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন শেখ রানা। এর আগে তিনি বেলগাছী ইউনিয়ন শাখা ছাত্রলীগের কর্মী হিসেবে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন। পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পরিচয়ে শেখ রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে প্রচার, উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বর্তমান সরকারকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শেখ রানার বাড়িতে অভিযান চালানো হয়। পরে তাকে সেখান থেকে আটক করে থানায় নেয়া হয়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, রাতের দিকে পুলিশ এসে শেখ রানাকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে জানতে পারেন ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। শেখ রানার পরিবারের এক সদস্য বলেন, রাতের দিকে পুলিশ এসে তাকে নিয়ে যায়। ফেসবুকে কী ধরনের পোস্ট দেয়ার অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে তারা বিস্তারিত জানেন না।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ রানার দেয়া পোস্টগুলো যাচাই-বাছাই করে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, শেখ রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট দেয়ার অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


