নেহালপুর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষের প্রতি ভালোবাসা তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। অথচ বন ও বৃক্ষসম্পদ কমে যাওয়ায় পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশজুড়ে সরকারি-বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে সবুজের বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেয় সংগঠনটি।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত বন ও বৃক্ষসম্পদ হারিয়ে যাচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আহসান হাবীব শিপলু আরও বলেন, বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলাজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণসহ পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। এসব উদ্যোগের মাধ্যমে বিশেষ করে শিশুদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে, যাতে তাদের মনে সবুজ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার স্বপ্ন তৈরি হয়। তিনি বলেন, একটি ছোট শিশু যদি ছোটবেলা থেকেই বৃক্ষের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, তাহলে সে সারা জীবন বৃক্ষ সংরক্ষণে উদ্বুদ্ধ হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতেই আমরা চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করেছি।
কর্মসূচিতে বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভীর আহমেদ, মেহেদী হাসান, মোসা. সুলতানা ফেরদৌস, রুপিয়া খাতুন, রেজোয়ানা হাসনাত ও জুয়েল রানা উপস্থিত ছিলেন।


