দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার হাউলি এলাকায় অভিযান চালিয়ে রাসেল আহমেদ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার রাসেল আহমেদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নম্বর হাউলি ইউনিয়ন শাখার সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিক-নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে দামুড়হুদা মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল সোমবার হাউলি গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল আহমেদ দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলি গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর-০৮, তারিখ ৬ জুন ২০২৬-এর এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, দামুড়হুদা মডেল থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) ফাহিম হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে হাউলি এলাকায় অভিযান চালিয়ে রাসেল আহমেদকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে গতকাল ২১ সেপ্টেম্বর রাসেল আহমেদকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানা পুলিশ আরও জানিয়েছে, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যু, ছিনতাইকারী, ডাকাত এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


