দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার দর্শনা ও কার্পাসডাঙ্গা এলাকার শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক লুৎফুন্নাহার। গতকাল সোমবার সন্ধ্যার পর তিনি দর্শনা পুরাতন বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজন, নিরাপত্তা পরিস্থিতি ও দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। উৎসবের আনন্দ যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সে জন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, পূজা উদ্যাপনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে মণ্ডপে আসা-যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ ক্ষেত্রে পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ করে তুলতে হবে।
দর্শনা পুরাতন বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দির পরিদর্শনের সময় জেলা প্রশাসক পূজা উদ্যাপনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। মন্দিরের আয়োজন, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পূজা উদ্যাপন কমিটির নেতারা এ সময় মন্দিরের সার্বিক পরিস্থিতি ও উৎসব আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন। এছাড়া বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ, দর্শনা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অনন্ত শান্তারা ও সাধারণ সম্পাদক প্রান্ত দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জয়ন্ত সিংহ রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি স্বরূপ কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত সিংহ রায়, মন্দির উপদেষ্টা কমিটির সদস্য দুলাল চন্দ্র দে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দর্শনা পৌর শাখার আহ্বায়ক রতন কুমার লোধ, সদস্য অবনী মোহন সান্তারা এবং চুয়াডাঙ্গা জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক দেবুতোষ বিশ্বাস উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু এবং দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতারা এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার পূজামণ্ডপও পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ে পূজার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উৎসবের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে পূজা উদ্যাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়া হয়।


