হাটবোয়ালিয়া প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় প্রবাসী আরাফাত ইসলামের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল চারটার দিকে ভাংবাড়ীয়ার ঐতিহ্যবাহী ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে দাসপাড়া ইয়াং স্টার ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভাংবাড়ীয়ার সাজু দ্যা টাইগার ক্লাব।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুই দলের খেলোয়াড়দের লড়াই উপভোগ করেন দর্শকেরা। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে সাজু দ্যা টাইগার ক্লাব। অন্যদিকে ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ হয় দাসপাড়া ইয়াং স্টার ক্লাব। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। বক্তব্যে সাজিবুল হক রাজন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। পাশাপাশি নিয়মশৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
টুর্নামেন্টের আয়োজক প্রবাসী আরাফাত ইসলামের উদ্যোগে এ প্রতিযোগিতার মধ্য দিয়ে স্থানীয় তরুণদের ফুটবল খেলার সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের আয়োজন গ্রামের মাঠে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি জুয়েল রানা।


