ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন ভারতে পলাতক আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির একাধিক নেতার দাবি, বৈঠকে কালীগঞ্জ উপজেলা ও সহযোগী সংগঠনের প্রায় ১ হাজার ৮০০ নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সিনিয়র সহসভাপতি শামীম আরা মান্নানকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে আয়ুব হোসেন খানের নামও ঘোষণা করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকে তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠন ও সুসংগঠিত করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদটি শূন্য থাকায় সিনিয়র সহসভাপতি শামীম আরা মান্নানকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। আগের কমিটিই দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়। ওই নেতা আরও বলেন, আগামী দিনের দলীয় কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে। বৈঠকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। সৌদি আরব থেকেও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বৈঠকে যুক্ত ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ সময়ের এই ভার্চুয়াল বৈঠকের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহম্মেদ লাভলু ও আলাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ফেসবুক অ্যাকাউন্টে বৈঠক সংক্রান্ত পোস্ট শেয়ার করেন।
বৈঠকে অংশ নেয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে সংগঠনকে পুনর্গঠিত ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন। তার দাবি, গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাস পরিস্থিতি ও সার সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরার বিষয়ে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধি ভার্চ্যুয়ালি বক্তব্য দেয়ার সুযোগ পেয়েছেন বলেও তিনি জানান।
দলীয় সূত্রের দাবি, বৈঠকটি ছিল কয়েক ঘণ্টাব্যাপী এবং এতে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নসহ ঝিনাইদহ সদরের ৪ ইউনিয়নের নেতাকর্মীরা পর্যায়ক্রমে যুক্ত হন। তবে বৈঠকটির বিষয়ে স্থানীয় বা জেলা গোয়েন্দা সংস্থার কাছে আগাম কোনো তথ্য ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৈঠকের খবর পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহম্মেদ লাভলু ও আলাল হোসেনসহ কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা এ-সংক্রান্ত পোস্ট শেয়ার করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা মান্নানের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুলফিকার আলী জানান, শেখ হাসিনা জুম মিটিং করেছেন, এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে দেখেছেন। তবে কখন, কোথায় বসে বা মিটিংটি করা হয়েছে কিনা এমনটি জানা যায়নি। পুলিশ এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে এবং করণীয় বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
এদিকে বৈঠকের বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের কোনো রাজনৈতিক জুম বৈঠক বা গোপন সমাবেশের তথ্য তার জানা নেই বলে জানান। ফলে বৈঠকটি শেখ হাসিনার সঙ্গে সরাসরি অনুষ্ঠিত হয়েছে কি না, এতে কারা অংশ নিয়েছেন এবং কথিত পদ ঘোষণা আনুষ্ঠানিক সাংগঠনিক সিদ্ধান্ত কি নাÑএসব বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ও প্রমাণ প্রয়োজন।


