নিজস্ব প্রতিবেদক:
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন শান্তি, মানবতা, ন্যায় ও ক্ষমার অনন্য প্রতীক। তার জীবন ও আদর্শ অনুসরণ করেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, অন্যায় ও বিভেদ দূর করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর শিক্ষা অনুসরণের আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বক্তারা। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানের প্রধান আলোচক চুয়াডাঙ্গা বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন শান্তির দূত। তায়েফের মাঠে নির্যাতিত ও রক্তাক্ত হয়েও তিনি শত্রুদের জন্য বদদোয়া করেননি; বরং তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। মক্কা বিজয়ের দিনও চরম শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও তিনি তাদের ক্ষমা করে দিয়েছিলেন। পুরো আরব জাহানের রাষ্ট্রপ্রধান হওয়ার পরও তার মধ্যে কোনো অহংকার ছিল না। সাধারণ জীবনযাপন ও সংযম ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। অধ্যক্ষ রুহুল আমিন আরও বলেন, ইনসাফ ও ন্যায়বিচারের ক্ষেত্রে মহানবী (সা.) ছিলেন আপসহীন। আপনজন হলেও বিচারের ক্ষেত্রে তিনি কোনো পক্ষপাতিত্ব করতেন না। দাস-দাসী ও শ্রমিকদের মর্যাদা দিয়েছেন, নারীদের দিয়েছেন সম্মান এবং পশু-পাখির প্রতিও দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, হিংসা, বিদ্বেষ ও অন্ধকারে নিমজ্জিত একটি সমাজকে মহানবী (সা.) ভালোবাসা, ক্ষমা ও সত্যের শিক্ষা দিয়ে বদলে দিয়েছিলেন। তার আদর্শ অনুসরণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় মহানবী (সা.)’র দেখানো পথে জীবন পরিচালনার বিষয়ে বক্তব্য দেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিফা মাহাদী এবং ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রোজা। বক্তারা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)’র তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই মহানবীর জন্ম ও জীবনকে স্মরণ সীমাবদ্ধ রাখলে চলবে না। তার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, ক্ষমাশীলতা, মানবিকতা ও শান্তির শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে হবে। ব্যক্তি ও সমাজজীবনে তার আদর্শ অনুসরণ করা গেলে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী কমিশনার এস.এম. আশিস মোমতাজ, সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রানা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা জাসাসের সভাপতি শহিদুল বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অপরদিকে, চুয়াডাঙ্গায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে পৌর জামায়াতের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে বর্ণাঢ্য র্যলি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কবরী রোডের মোড় হয়ে পুনরায় শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তফা কামালের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর নায়েবে আমির মাহবুব আশিক শফি, পৌর সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির ও পৌর অর্থ সম্পাদক ইমরান হোসেন সহ অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে সকল স্থানে হাহাকার রয়েছে। তিনি বলেন, আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের মত করে সমাজ পরিচালনা করার জন্য আজ সমাজে অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্য বিরাজ করছে। এ থেকে মুক্তি পেতে রাসুলুল্লাহ (সাঃ)’র জীবন আদর্শের দিকে ফিরে আসতে হবে।
এদিকে, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র পবিত্র জীবন ও আদর্শ বিষয়ক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজনীন আরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের গর্ভনিং বডির সভাপতি মাহমুদল হক পল্টু।
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের গর্ভনিং বডির শিক্ষক প্রতিনিধি ও সহকারি অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন কলেজের গর্ভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য রাওফুন নাহার রিনা, মোমিন মালিতা, বিপুল হাসান হ্যাজি, শারমিন সুলতানা শিলা, শিক্ষক প্রতিনিধি সিনিয়র প্রভাষক খসরুজ্জামান সবুজ, চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের ম্যানেজিং কমটির সভাপতি হাবিবুর রহমান সাদিদ, প্রভাষক হেলেনা নাসরিন প্রমুখ।
কলেজের গর্ভনিং বডির সভাপতি মাহমুদল হক পল্টু প্রধান অতিথির বক্তব্যে বলেন, নবীপ্রেম শুধু একটি দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, মহানবী (সা.)’র জীবনাদর্শকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনে ধারণ করতে হবে। তার আদর্শ অনুসরণের মধ্য দিয়েই শিক্ষার্থীরা নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তার বক্তব্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)’র পৃথিবীতে আগমনের প্রেক্ষাপট, তার মহানুভবতা, মানবিক মূল্যবোধ, নৈতিক আদর্শ এবং ব্যক্তি ও সমাজজীবনে তার জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে মহানবী (সা.)’র উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন কলেজের ক্রীড়া শিক্ষক আরিফুর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলেয়া সিদ্দিকা বিনা। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র পবিত্র জীবন, আদর্শ ও মানবতার জন্য তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি ওলিউজ্জামান মঞ্জু, সদস্য ফজলুর রহমান, মাঃ মিলন হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ । মিলাদ মাহফিলে মহানবী (সা.)’র ওপর দরুদ ও সালাম পাঠ, তার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র জীবন ও আদর্শ এবং মানবতার কল্যাণে তার শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মারফুল হক, প্রভাষক গোলাম কিবরিয়া, প্রভাষক শাহারিয়ার ইসলাম তুহিন, আবু জর হোসেন, জাহিদুল ইসলাম, রেজাউল করিম, ফারুক আহমেদ, আলমেহেদী, নুর-ই-ফারজানা, ফারজানা পারভিন ও সাইফুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র প্রতি দরুদ ও সালাম পাঠ এবং দেশ, জাতি, শিক্ষা প্রতিষ্ঠান ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা মহানবী (সা.)’র আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ চর্চা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সীরাত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার পর আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা গেট থেকে একটি সীরাত র্যালি বের করা হয়। র্যালিটি হাইরোড, চারতলা মোড়, হাজী মোড় ও কাঁচাবাজার প্রদক্ষিণ করে উপজেলা মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন, রাসূলুল্লাহ (সাঃ)’র জীবনে রয়েছে উত্তম আদর্শ। পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য দৃষ্টান্ত ও শ্রেষ্ঠ নেতা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন গাংনী-আসমানখালী থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা তারবিয়াত সম্পাদক বিলাল হোসাইনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।
জীবননগর অফিস জানিয়েছে, পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেট থেকে র্যালিটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় হাইস্কুল গেটে এসে এটি শেষ হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র পবিত্র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিতে উপজেলা ও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, উপজেলা নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক এবং প্রচার সম্পাদক হারুন অর রশিদ। এছাড়াও উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর সভাপতি মাওলানা ফিরোজ হোসেন এবং হাসাদাহ ইউনিয়ন আমীর আকতারুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসলমানেরা উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন।
গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় গাংনী দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভযাত্রায় অংশ গ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাও. নাজমুল হক ফারুকী, সহকারি শিক্ষক মাও. রুহুল আমিন, মাদ্রাসা ছাত্রবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব নবীর জীবনের উপর আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার এবং বড়বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি বায়াজিদ হোসেনসহ অন্যরা।
এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


