তিতুদহ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে চুয়াডাঙ্গার গড়াইটুপিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া থেকে বিত্তেরদাড়ি সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রোপণ করা হয়। এ কর্মসূচিতে গোবরগাড়া গ্রামের মানবতার কল্যাণ সংগঠনের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। এরই অংশ হিসেবে গোবরগাড়া-বিত্তেরদাড়ি সড়কের দুই পাশে গাছ লাগানো হয়।
সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, গোবরগাড়া থেকে বিত্তেরদাড়ি যাওয়ার সড়কটি আগে মূলত মাঠের রাস্তা হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে রাস্তাটি পাকা করা হচ্ছে। নতুন পাকা সড়কের দুই পাশে যে গাছগুলো লাগানো হয়েছে, সেগুলো সংরক্ষণ ও পরিচর্যার চেষ্টা করা হবে। তিনি বলেন, রাস্তার দুই পাশে গাছগুলো বড় হয়ে উঠলে শুধু অক্সিজেন সরবরাহই করবে না, সড়কের সৌন্দর্যও বাড়াবে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল তৈরি হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকার জীববৈচিত্র্যও সমৃদ্ধ হবে। আহসান হাবীব শিপলু আরও বলেন, চুয়াডাঙ্গায় এখনো পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে। অনুকূল এই পরিবেশকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগেই একটি সবুজ, শীতল ও দূষণমুক্ত জেলা গড়ে তোলা সম্ভব। বৃক্ষরোপণ কর্মসূচিতে রাকিবুল, সাহাবুল, বায়জিদ, নীরব, জনি, মিশাল, শেখ সাদিসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


