নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় পূর্ববিরোধের জেরে ডেগারজাতীয় ধারালো অস্ত্রের আঘাতে দুজন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় একই এলাকার ইউনুস নামের এক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের গুলশানপাড়ার গৃহিণী স্টোর (আফিন্দির দোকান) সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন গুলশানপাড়ার আবুল বাশারের ছেলে আবু রায়হান আবির (২৪) ও মৃত শহিদুল ইসলামের ছেলে জাহিদ (৩০)।
আহতদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে একই এলাকার ইউনুস নামের এক ব্যক্তির সঙ্গে আবিরের বাকবিতণ্ডা হয়। এরপরই কিছু না বুঝে উঠার আগেই ডেগার দিয়ে তার ওপর হামলা চালান তিনি। এই সময় আবিরকে ঠেকাতে গেলে জাহিদকে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ভোজালিজাতীয় ধারালো অস্ত্রের আঘাতে দুজনের শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে। আবিরের ক্ষত গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অন্য আহত জাহিদ চিকিৎসা নেয়ার পর হাসপাতাল ত্যাগ করেছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা এখনো কোনো অভিযোগ বা মামলা করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি ঘটনাটি ছায়া তদন্ত করা হচ্ছে।


