আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হেবাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানার (এসআই) আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল প্রাগপুর গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়িতে থাকা হেবাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোবারেক মণ্ডলের ছেলে।
জানা গেছে , জমি নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার প্রাগপুর গ্রামে আপন চাচা-ভাতিজা দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় হেবাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলায় মারামারি, আঘাত ও হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এদিকে এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের পর শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ।


