নিজস্ব প্রতিবেদক:
ন্যায্য দাবি মেনে না নিলে জুলাই আন্দোলনের মতো জনগণ প্রয়োজনে আবারও রাজপথে নেমে আসবে বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো পক্ষই পার পেতে পারে না। দাবি আদায়ে মানুষ অতীতেও রাজপথে নেমেছে। দাবি মানা না হলে প্রয়োজনে আবারও রাজপথে নামবে।
ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়াগামী লং মার্চ কর্মসূচি উপলক্ষে চুয়াডাঙ্গা বড় বাজারে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে ১১ দলীয় ঐক্যের চুয়াডাঙ্গা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে মাসুদ পারভেজ রাসেল বলেন, ন্যায্য দাবি আদায়ের জন্য জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার ও দাবির বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। লং মার্চের উদ্দেশ্য ও কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা লিফলেট বিতরণ করছি। দাবি আদায়ে গণমানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আমরা চাই, জনগণের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে মানুষের প্রত্যাশা তুলে ধরতে হবে। জনগণের দাবি উপেক্ষিত হলে মানুষই তার জবাব দেবে।
লিফলেট বিতরণ কার্যক্রমে ১১ দলীয় ঐক্যের নেতারা বড় বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। এ সময় লং মার্চের কর্মসূচি ও এর উদ্দেশ্য সম্পর্কে তাদের অবহিত করা হয়। আয়োজকেরা জানান, সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি এবং কর্মসূচির বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আলমগীর হোসেনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা। লিফলেট বিতরণকালে নেতারা লং মার্চের কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন এবং তাদের কাছে কর্মসূচির বার্তা পৌঁছে দেয়ার ওপর গুরুত্ব দেন।


