সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি জানানো এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করে এসএসসি-১৯৮৪ ব্যাচ। গতকাল বুধবার সকাল ১০টায় ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
এসএসসি-১৯৮৪ ব্যাচের ডিঙ্গেদহ অঞ্চলের আহ্বায়ক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিঙ্গেদহ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দীন খোকন, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউনুস আলী, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি রায়হানুল কবির রাজু, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুল হোসেন বিশ্বাস এবং ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এস.এম. মখলেছুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ আলী, ডিফেন্স ফাইন্যান্সের অবসরপ্রাপ্ত অডিটর আব্দুর রহমান, ব্যবসায়ী মাসুম কামাল ডাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও বৃত্তি অর্জনের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা। এই সাফল্য শিক্ষার্থীদের যেমন গর্বিত করে, তেমনি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও আনন্দের। বক্তারা আরও বলেন, কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার মাধ্যমে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তৈরি হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করবে। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ও জুনিয়র বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন অতিথিরা।


