দর্শনা অফিস:
দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৪৫ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৭টায় দর্শনা থানার কেরু ফুলতলা এলাকায় হান্নানের গ্যাসের দোকানের সামনে পাকা সড়কে মাদক নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছেনÑএমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দর্শনা থানার এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে। পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে আটক দুজনের দেহ তল্লাশি করা হয়। এ সময় কামরুল হাসানের কাছ থেকে ২৫ পুরিয়া এবং রুমন আলীর কাছ থেকে ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক কামরুল হাসান (২৫) দর্শনার ইসলাম বাজার এলাকার মৃত শেখ মানিকের ছেলে। অপর আটক ব্যক্তি রুমন আলী (৩১) পাঠানপাড়া এলাকার নাহিদ ওরফে পিরুর ছেলে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এরপর গতকাল রবিবার আটক দুজনকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত কামরুল হাসান ও রুমন আলীকে পৃথকভাবে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে অতিরিক্ত সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।


