নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ‘নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম ঝন্টু মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সুশিক্ষায় শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে নয়, তার আচরণ, মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলির মধ্যেও তা প্রকাশ পায়। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেয়ার পরামর্শ দেন। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকার ওপরও গুরুত্ব দেন শরীফুজ্জামান শরীফ। তিনি সন্তানদের লেখাপড়া, চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে বিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপির মোমিনপুর ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। নতুন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তাদের বিদ্যালয়ের নতুন পরিবেশ ও শিক্ষাজীবনের সঙ্গে স্বাগত জানানো হয়। নবীনদের বরণ পর্বে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার হাতে নিয়ে বিজয়ীদের উচ্ছ্বাস এবং সহপাঠীদের করতালিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. আব্দুস সেলিম ও মারমিয়া মুস্তারিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সূচনা এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের স্বীকৃতিÑদুই আয়োজনকে ঘিরে দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও প্রাণবন্ত।


