সরোজগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে চুয়াডাঙ্গার সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাইনুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ইউনুস আলী।
প্রধান অতিথির বক্তব্যে ইউনুস আলী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ ঘটে না। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং সুশৃঙ্খল জীবনযাপনের অভ্যাসও গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে এবং পড়াশোনায় মনোযোগী হয়, তা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকÑউভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তান বিদ্যালয়ে যাচ্ছে কী-না, পড়াশোনায় কেমন অগ্রগতি করছে এবং তার আচরণ ও শৃঙ্খলা কেমনÑএসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে ইউনুস আলী বলেন, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়লে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহও বাড়বে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক শাহিদুজ্জামান, সিনিয়র শিক্ষক উম্মে সালমা, মোশারেফ হোসেন, জান্নাতুল ফেরদৌস, মহসিন আলী, হুমায়ুন কবির, মামুন অর রশিদ, আব্দুস সেলিম, সাঈদ রাফসান আমিন, ফিরোজ উদ্দিন ও মুক্তাদুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক হুমায়ুন কবির। সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি এবং তাদের সার্বিক বিকাশে অভিভাবকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।


